ধর্মমন্ত্রীর সৌদি সরকারের কাছে হজযাত্রীদের আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ
- আপলোড সময় : ০৮:২১:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে, যা হজের খরচ বাড়াবে।
এ কারণে ধর্মমন্ত্রী ২০২৬ সালের হজের ন্যায় বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ করেন। সৌদি রাষ্ট্রদূত জানান, তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি চিঠি রোববার হাতে পেয়েছেন এবং তা সুপারিশসহ সৌদি সরকারকে পাঠিয়েছেন।
তিনি এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক যেকোনো বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ত্বড়িৎ পদক্ষেপের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন। ধর্মমন্ত্রী রাষ্ট্রদূতের অসামান্য ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান এবং সৌদি সরকারকেও ধন্যবাদ জানান।
এ বৈঠকে দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করার বিষয়েও আলোচনা হয়। ধর্মমন্ত্রী সৌদি দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
























