গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম
- আপলোড সময় : ০৯:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণভোটকে অবৈধ বললেও একই আদেশে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধ বলা যায় না। তিনি বলেন, "এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান এসেছে, এক যমজ সন্তান বৈধ আরেকটা অবৈধ এটা তো কোনোদিন হতে পারে না।"
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদায় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম দাবি করেন, যদি গণভোট অবৈধ হয়, তাহলে সালাহউদ্দিন আহমদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি সরকারও অবৈধ হবে। তিনি বলেন, "৫০ শতাংশ মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে এই গণভোটের পক্ষে রায় দিয়েছে।"
তিনি সংবিধানের প্রসঙ্গ টেনে বলেন, "গণভোট সাংবিধানিক না অসাংবিধানিক- এই সংবিধানের খেলা দেখাতে আসবেন না।" সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া শুরু করেছে এবং বিএনপিও একই পথে হাঁটছে। তিনি বলেন, "২০০৯ সালে আওয়ামী লীগ এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল শুরু করেছে।"
পথসভায় সারজিস আলম বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "আগামী অভ্যুত্থানে অফিসে বসে থাকা, কোর্টে বসে থাকা, থানায় বসে থাকা দালালদের বিরুদ্ধে সবার আগে অভ্যুত্থান হবে।" তিনি প্রশাসনের কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ।






















