চাঁদপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে ফাটল, রোগীদের মধ্যে আতঙ্ক
- আপলোড সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক ভবনের ছাদে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে পলেস্তারা ও সুরকি খসে পড়ায় রোগী, স্বজন এবং হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের ভবনগুলো বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের ফাটল এবং খসে পড়া পলেস্তারা, সিমেন্ট ও সুরকি রোগীদের উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিন গড়ে সাড়ে পাঁচশ থেকে ছয়শ রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসেন, ফলে শয্যা সংকটও দেখা দেয়। অনেক রোগীকে মেঝেতে অবস্থান করতে হচ্ছে।
মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ গ্রামের স্বপ্না বেগম জানান, তিনি পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং পুরো সময়ই ছাদের দিকে তাকিয়ে আতঙ্কে কাটাতে হয়েছে। শাহনাজ বেগম নামে এক রোগী বলেন, হাসপাতালের পরিবেশ নিরাপদ নয় এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষার যন্ত্রপাতিও অচল অবস্থায় রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজিব কিশোর বণিক বলেন, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা খসে পড়ছে। জনসাধারণকে সতর্ক করতে ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কীকরণ নোটিশ টাঙানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হান জানান, ভবনের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, হাসপাতালের ভবনের পলেস্তারা খসে পড়ার বিষয়টি তার জানা আছে এবং দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























