থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় নিহত ৭, আহত ১৫
- আপলোড সময় : ১২:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারী শিক্ষার্থী পরে আত্মঘাতী হলে নিহতের সংখ্যা সাতজনে পৌঁছায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্দুকধারী ব্যক্তি বেগুনি রঙের শারীরিক শিক্ষার পোশাক পরিহিত ছিল এবং স্কুলের চত্বরে এলোপাতাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে তিনজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন। আহত ১৫ জনকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
হামলাকারী ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, হামলার পর সে তিন তলার একটি ভবনে আত্মগোপন করে এবং পরে সেখান থেকে তার গুলিতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং চত্বরটি ঘিরে ফেলে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে লাইভ প্রচার বন্ধ রাখতে ও এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়।
তদন্তকারী পুলিশ সদস্যরা ঘটনার কারণ খতিয়ে দেখছেন এবং পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।























