ঢাকা-৫ এলাকায় মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি কামাল হোসেনের
- আপলোড সময় : ০৮:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ২২৩ বার পড়া হয়েছে
ঢাকা-৫ আসনে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেছেন, এখানে কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি ও সন্ত্রাস চলতে দেওয়া হবে না। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ডেমরার সারুলিয়ায় অনুষ্ঠিত এক ইফতার-মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি কামাল হোসেন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি সংসদ সদস্য হয়েছেন এবং ঢাকা-৫ আসনের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের অন্যায়, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের উদ্দেশে বলেন, মাদক কখনোই সম্মানজনক কোনো পেশা হতে পারে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা চাইলে সম্মানজনক ব্যবসা বা চাকরি করতে পারেন। বিশেষ করে তরুণদের সতর্ক করে তিনি বলেন, যারা যুবকদের মাদক ব্যবসায় ব্যবহার করে, তারা মূলত তাদের পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করছে।
তিনি আরও বলেন, ঢাকা-৫ এলাকায় মাদকের সঙ্গে জড়িত যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের গোড়া পর্যন্ত খুঁজে বের করে নির্মূল করা হবে। ইনশাআল্লাহ, মাদকের মূল উৎস পর্যন্ত পৌঁছে তা উপড়ে ফেলা হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, তার সঙ্গে তোলা কোনো ছবি ব্যবহার করে কেউ যদি অন্যায় কাজে জড়ায়, তাহলে সরাসরি পুলিশে জানাতে অনুরোধ করেন।




















