মুসলিম সমাজকে এআই সম্পর্কে সচেতন হতে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
- আপলোড সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে পড়লে মুসলিম সমাজের উপনিবেশে পরিণত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কেরালার কোঝিকোড়ে শেখ আবু বকর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জ্ঞান না থাকলে আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশে পরিণত হব।’ তিনি আলেম সমাজ ও ধর্মীয় পণ্ডিতদের আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান এবং ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন রয়েছে, কিন্তু প্রযুক্তির বিকাশ যেন আমাদের ইমান ও নৈতিক মূল্যবোধ রক্ষা করে তা নিশ্চিত করতে হবে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন যে, মুসলিম আলেম ও সমাজ প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। তিনি আহ্বান জানান, প্রযুক্তিগত অগ্রগতি যেন জ্ঞান, নীতি ও ধর্মীয় আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে।
অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি কান্থাপুরাম এ. পি. আবুবকর মুসলিয়া আনোয়ার ইব্রাহিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। আনোয়ার ইব্রাহিম নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর কেরালা সফর করেন।





















