পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হুঁশিয়ারি
- আপলোড সময় : ০৯:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, মেট্রো ডায়াগনস্টিক সেন্টার ও স্বপ্ন সুপার শপকে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে সতর্ক করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি জানান, দ্রুত পার্কিং ব্যবস্থা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিডিএ চেয়ারম্যান নগরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক টিম ছাড়াই প্রতিষ্ঠানগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি জানান, ন্যাশনাল হাসপাতালের পার্কিং ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক, তবে চিকিৎসকদের গাড়ি হাসপাতালের পার্কিংয়ে রাখতে নিষেধ করা হয়েছে।
ম্যাক্স হাসপাতালের পার্কিং ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, তাদের পার্কিংয়ের জায়গাটি সড়কের তুলনায় উঁচু, যা ভেঙে সড়কের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। গোলপাহাড় মোড়ের মেট্রো ডায়াগনস্টিক সেন্টার ও স্বপ্ন সুপার শপে কোনো পার্কিং ব্যবস্থা নেই, যা যানজট সৃষ্টি করছে।
সিডিএ চেয়ারম্যান বলেন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই ব্যবস্থাপনায় ফিরতে হবে। তিনি আরও জানান, নগরকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখতে প্রত্যেক ভবনকে আইন মেনে চলতে হবে এবং পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি হিজড়া খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।


























