সিলেটে শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’
- আপলোড সময় : ১২:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
দেশের ক্রিকেট অঙ্গনে উদীয়মান ও প্রতিভাবান পেস বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আঞ্চলিক বাছাই শুরু হবে।
প্রথম ধাপে সিলেটে অনুষ্ঠিত হবে তরুণ পেসারদের ট্রায়াল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগীদের সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। আঞ্চলিক বাছাইপর্বে নির্বাচিত বোলাররা পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
দেশজুড়ে আঞ্চলিক পর্ব শেষ হওয়ার পর আগামী ২২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চূড়ান্ত সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে। এরপর ২৫ অক্টোবর একই ভেন্যুতে নির্বাচিত সেরা প্রতিভাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
সিলেটের পর ২৯ সেপ্টেম্বর বরিশাল এবং ১ অক্টোবর খুলনা অঞ্চলের তরুণ বোলারদের বাছাই অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। এরপর ৪ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী অঞ্চলের ট্রায়াল হবে।
৬ অক্টোবর রংপুর ক্রিকেট গার্ডেনে রংপুর অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ অঞ্চলের ট্রায়াল হবে। ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দুটি আলাদা ভেন্যু নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, আঞ্চলিক বাছাই থেকে উঠে আসা প্রতিভাবান পেসাররা ভবিষ্যতে জাতীয় ক্রিকেটে নিজেদের জায়গা করে নেবে।


























