ফেনীর গ্রামীণ রাস্তায় দুর্ভোগ, সংস্কারের দাবি স্থানীয়দের
- আপলোড সময় : ১১:১৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২১৬ বার পড়া হয়েছে
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী, দক্ষিণ কাউতলী ও কাশিনগরসহ প্রায় পাঁচটি গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিগত ১৮ বছরে এই রাস্তাগুলোর কোনো সংস্কার হয়নি, ফলে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
দক্ষিণ কাউতলী চৌরাস্তা থেকে চম্পক নগর দারুণ আরকাম মাদ্রাসা পর্যন্ত কাঁচা রাস্তার কারণে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, বড়ো বড়ো গর্ত ও ধসের কারণে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
উত্তর কাউতলী গ্রামের মাদ্রাসার রাস্তাটি বিশেষভাবে নাজুক। বৃষ্টির পর সেখানে কাদা সৃষ্টি হয়, যা চলাচলে বাধা দেয়। স্থানীয়রা কয়েকবার সংস্কারের চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি। নির্বাচিত মেম্বার বা চেয়ারম্যান না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
মির্জানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অধিকাংশ গ্রামীণ রাস্তাই একই রকম জরাজীর্ণ। চম্পক নগর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, “আমাদের গ্রামে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমরা নিজেরাই মাটি দিয়ে সংস্কার করছি।” স্থানীয় স্কুল শিক্ষক জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তা অচল হয়ে যায়, ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা কঠিন হয়ে পড়ে।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, “বেশিরভাগ রাস্তাই জরাজীর্ণ। আমি দায়িত্ব পাওয়ার পর কিছু রাস্তার কাজ করেছি। স্থানীয়দের রাস্তার ছবিসহ দরখাস্ত করার পরামর্শ দিয়েছি, যাতে সংস্কারের জন্য বরাদ্দ আসলে প্রথমে এই রাস্তার সংস্কার করা সম্ভব হয়।”























