নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, হতাহতের ঘটনা নেই
- আপলোড সময় : ১২:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
ঢাকার নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বুধবার (০১ জুলাই) সকালে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ভোরের দিকে গোডাউনে আগুনের সূত্রপাত হয়, যা আশপাশের একটি গাড়ির গ্যারেজ ও মুদির দোকানের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছিল।
প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের সমন্বিত চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই তারা পাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।























