সরকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে, মজুত বাড়ানোর উদ্যোগ
- আপলোড সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকার চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে। এই উদ্যোগটি দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখতে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯০ দিনের মজুত সক্ষমতা বিবেচনায় নিয়ে ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হবে, যার মধ্যে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল অন্তর্ভুক্ত রয়েছে। সিঙ্গাপুরের ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এই জ্বালানি সরবরাহ করবে, যার মোট ব্যয় ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই জ্বালানি তেল ক্রয় করছে। তিনি বলেন, সরকার প্রতি ছয় মাস পর পর দেশের চাহিদার ভিত্তিতে জ্বালানি তেল আমদানি করে থাকে।
বিপিসির ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, গত ১০ জুন মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক দরপত্রের প্রস্তাব অনুমোদন করেছে এবং সরবরাহকারী প্রতিষ্ঠানকে ‘নোয়া’ ইস্যু করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশে ৯০ দিনের জ্বালানি তেল মজুত রাখা।
বিপিসির প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে, জ্বালানি বিভাগের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে।



















