হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- আপলোড সময় : ১০:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
ইরান সোমবার (৬ জুলাই) মধ্যরাতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলা পরিচালনা করে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার (০৭ জুলাই) এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে একটি ট্যাংকারে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটি হলো নাকিলাতের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার আল রেকায়াত। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলার ফলে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লেগেছে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে একত্রিত হয়েছেন।
ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থানকালে জাহাজটি হামলার শিকার হয়। হামলার আগে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে জাহাজগুলোকে সতর্ক করে বলেছিল, নির্দেশনা অমান্য করলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে প্রস্তুত।
























