সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, খেলা দেখছিলেন রেললাইনে
- আপলোড সময় : ০৬:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি কানে হেডফোন দিয়ে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন, যার কারণে ট্রেন আসার শব্দ শুনতে পাননি।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধনগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, রুবেল সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় মোবাইল ফোনে খেলা দেখছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বর্ধনগাছা এলাকা অতিক্রম করছিল। হেডফোন এবং খেলায় মগ্ন থাকার কারণে তিনি ট্রেনের উপস্থিতি টের পাননি। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের দাদা সানেয়ার হোসেন বলেন, রুবেল অসাবধানতার কারণে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ওসি খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

























