ডেমরায় মুসলিম নগরে নির্মাণাধীন ভবনে সন্ত্রাসী হামলা ও মারধর:আহত ১
- আপলোড সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ২৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় মুসলিম নগর এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের মালিকে কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনা ঘটেছে । এ সময় ভবনটির কেয়ারটেকার আলাউদ্দিন বেপারীকে (৪০) লোহার রড দিয়ে পিটিয়ে ও বেধরড় মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এদিকে এ বিষয়ে ডেমরা থানায় মামলা না নেওয়ায় ভুক্তভোগী ভবন নির্মাণ ব্যবসায়ী আশরাফুল ইসলাম গত ২৭ জানুয়ারী আদালতে একটি মামলার আবেদন করেন (মামলা নং ৫৫/২৬)। গত ২২ জানুয়ারী সন্ধার পরে মুসলিম নগর এলাকায় এলিগ্যান্ট ল্যান্ডহোম নামে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ওই মামলায় অজ্ঞাত ১৫/২০ সহ ডেমরার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার মোমেনের ছেলে সিয়াম (২৫) ও বারটেক্স লিফট কোম্পানীর কর্মচারী রিপনকে (৫০) আসামি করা হয়। বর্তমানে আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভবন নির্মাণ ব্যবসায়ী আশরাফুল।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলিগ্যান্ট ল্যান্ডমার্ক লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল। ওই ভবনে লিফটের মালামাল সরবরাহ করতেন আসামি রিপন। গত ২২ জানুয়ারি সন্ধ্যার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ভবনে প্রবেশ করে। এ সময় মালিককে না পেয়ে সন্ত্রাসীরা আলাউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফোনে মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে সিয়ামের লোহার রডের আঘাতে এবং অন্যদের এলোপাথাড়ি মারধরে আলাউদ্দিন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা শ্রমিকদের খোরাকি বাবদ রাখা ৪২ হাজার ৫০০ টাকা ও ভবনে সংরক্ষিত আরও ২ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আলাউদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ সময় আহত কেয়ারটেকারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশ) মো. আলী আজম বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

























