ডেমরায় সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: গ্রেফতার ১ জন কারাগারে
- আপলোড সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৬০৪ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় পূর্ব বিরোধের জেরে সবজি বিক্রেতা মহসিন (৪৫)-কে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় আসামি মো. ইয়াকুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭) মার্চ দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিকেলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই দিন সকালে সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন ভোর পৌনে ৪টার দিকে ভুক্তভোগীর স্ত্রী রাজিয়া বেগম দুইজনের নাম উল্লেখসহ আরও ২ জনকে অজ্ঞাত আসামি করে ডেমরা থানায় মামলা করেন। বর্তমানে মহসিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামি মো. ইয়াকুব আলী (৩৮) মাদারীপুর জেলার কালকিনী থানার পরগোনা গ্রামের মো. নুর ইসলামের ছেলে। বর্তমানে সে ডেমরার সারুলিয়া ওয়াসা রোড এলাকার জলিল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। অপর পলাতক আসামি আলী হোসেন (৪২) বরিশাল জেলার আগৈলঝারা থানার আন্দারমানিক গ্রামের মিন্টু খলিফার ছেলে। সে বর্তমানে সারুলিয়ার মঠবাড়ি এলাকায় বসবাস করছে।
জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমরার সারুলিয়ার তালতলা এলাকায় সবুর খানের গ্যারেজের সামনে ভ্যানগাড়িতে করে তরকারি বিক্রি করছিলেন মহসিন। এ সময় পূর্ব শত্রুতার জেরে আলী হোসেনের নির্দেশে অজ্ঞাতনামা কয়েকজন তাকে ধরে রাখে। পরে ইয়াকুব আলী ধারালো ছুরি দিয়ে মহসিনের গলার বাম পাশে, মাথার পেছনে, পিঠের ডান পাশে এবং গালের ডান পাশে এলোপাতাড়ি আঘাত করে। এতে মহসিন গুরুতর রক্তাক্ত জখম হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্ত্রী রাজিয়া বেগম জানান, পারিবারিক একটি বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।























