জাবিতে শিক্ষার্থীদের মানসিক সংকট বাড়ছে, সেবা নিতে আসছেন অনেকেই
- আপলোড সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে মানসিক সংকট বাড়ছে। দীর্ঘমেয়াদি বিষণ্নতা, পারিবারিক সমস্যা, একাকিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্যসেবা নিতে আগ্রহী হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যকেন্দ্রের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর জন্য পৃথক শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র নেই। বর্তমানে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় ‘শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র’ কার্যক্রম চালাচ্ছে, তবে সেখানে মানসিক চিকিৎসার জন্য উপযুক্ত পরিবেশ নেই।
গত ছয় বছরে এই কেন্দ্র থেকে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী মানসিক সেবা নিয়েছেন। ২০২০ সালে ২০২ জন, ২০২১ সালে ২৫৮ জন, ২০২২ সালে ৬৪০ জন, ২০২৩ সালে ৬৭৫ জন, ২০২৪ সালে ৪৩৬ জন এবং ২০২৫ সালে ৩৫১ জন শিক্ষার্থী সেবা নিয়েছেন।
সেবাগ্রহীতাদের মধ্যে বিষন্নতা, উদ্বেগ, প্যানিক ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডারসহ বিভিন্ন মানসিক সমস্যা বেশি দেখা যাচ্ছে। কেন্দ্রের উপ-পরিচালক ইফরাত জাহান কালবেলা জানান, করোনার পর শিক্ষার্থীদের সমস্যা পরিবর্তিত হয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতিও তাদের ওপর প্রভাব ফেলছে।
অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রে পর্যাপ্ত রিসোর্স নেই এবং বাজেট সংকট রয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, কাউন্সেলিংয়ের জন্য নতুন জায়গায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।




















