নারায়ণগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড
- আপলোড সময় : ১১:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণ করে হত্যা করার মামলায় চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মাসুম বিল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে রিফাত বাসা থেকে বের হওয়ার পর মাসুম বিল্লাহ তাকে অপহরণ করেন এবং ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। রিফাতের মা সুফিয়া আক্তার মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাসুম বিল্লাহ রিফাতকে শ্বাসরোধে হত্যা করেন।
হত্যার পর রিফাতের মরদেহ একটি পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হয়। পরে রিফাতের মা ঘটনাস্থলে গিয়ে তার ছেলের মরদেহ শনাক্ত করেন। মাসুম বিল্লাহ পরে পিরোজপুরে আত্মসমর্পণ করেন এবং হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া জানান, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দণ্ডিত করেছে।























