সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু
- আপলোড সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায়। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।
নিহত কাজী আশরাফ (৪৬) নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। আহতের নাম মাহামুদুল হাসান অনিক। নিহতের পরিবারের সদস্য সনি চৌধুরী জানান, সকালে কাজী আশরাফ ও অনিক মোটরসাইকেলে নড়াইলের লোহাগড়া থেকে ঢাকা যাচ্ছিলেন।
মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও অনিক আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















