ভেজা মাঠে ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল
- আপলোড সময় : ১১:০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সকাল থেকে টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।
জানা যায়, দুই দলের অধিনায়ক টস করতেও নামেননি। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমানে বাংলাদেশ ১০ম এবং চীন ৩৬তম অবস্থানে রয়েছে।
নাগোয়ার বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে বাংলাদেশ নারী দল পূর্ণাঙ্গ অনুশীলনও করতে পারেনি। টুর্নামেন্টের প্রথম দিন স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।
নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটিও আয়োজন করা সম্ভব হয়নি। পরে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় ভারত ও জাপানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ পদক জিতেছে।





















