পটুয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত
- আপলোড সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ওই কুকুর পথচারী ও শিশুদের কামড় দিতে শুরু করে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
আহতদের মধ্যে শিশু আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), মুরসালিন (৯), তাইবা (৫) ও নিঝুম (১১) সহ মোট ১০ জন রয়েছেন। অধিকাংশ আহতই শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো-সাদা রঙের কুকুরটি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কামড়াচ্ছে। দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং আমরা দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুকুরটি এখনও ধরা না পড়ায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন এবং দ্রুত কুকুরটিকে আটক করার দাবি জানিয়েছেন।
























