ডেমরায় দলিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার বাবা ও দুই ছেলে কারাগারে
- আপলোড সময় : ১১:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ২১৪ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় তেজগাঁও শিল্পাঞ্চল ও ডেমরা থানা পুলিশের যৌথ অভিযানে জমির দলিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার বাবা ও দুই ছেলেকে বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডগাইর পুর্বপাড়া মদিনাবাগ (গ্রীন সিটি) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে ওই রাতেই তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-ডেমরার ডগাইর পুর্বপাড়া মদিনাবাগ (গ্রীন সিটি) এলাকার বাসিন্দা-দলিল জালিয়াতি চক্রের সদস্যখ্যাত আবু তাহের, তার ছেলে আবু জাহের ও শাহরিয়ার সুজন। তাদের বিরুদ্ধে এলাকায় ভূমি দস্যুতা, বিভিন্ন ব্যক্তির নামে জাল দলিল প্রস্তুত করে করে মিথ্যা দেওয়ানি ও ফৌজদারী মামলা দায়েরের মাধ্যমে সমঝোতার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও জাল ওয়ারিশান সনদ তৈরী,সদর রেকর্ড রুমে বালামের পৃষ্ঠা পরিবর্তন, সাব রেজিস্টারের জাল স্বাক্ষর, জাল দলিলে ব্যক্তির সাক্ষর ও নকল সিলমোহর সরবরাহের সাথে ওই চক্রটি কয়েক দশক ধরে জড়িত। তাদের বিরুদ্ধে ডেমরা-রামপুরা সড়কের পাশে অবস্থিত উর্মি গার্মেন্ট কর্তৃপক্ষ ইতোপূর্বে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় উক্ত অপরাধের দায়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে উর্মি গার্মেন্টের ঊর্ধতন কর্মকর্তা আবু তাহের সামসুদ্দিন বলেন, অভিযুক্তদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। আর ভুক্তভোগী এলাকাবাসী তাদের উপযুক্ত শাস্তিও দাবী করেছেন। তারা দীর্ঘ দিন ধরে উর্মি গামেন্টর আওতাভুক্ত সম্পত্তি নিয়ে জালিয়াতির চেষ্টা চালিয়ে নানাভাবে হয়রানি করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের পর উর্মি গার্মেন্ট কর্তৃপক্ষ ও ভুক্তভোগী এলাকাবাসী তাদের অপরাধের কথা অকপটে স্বীকার করেছেন। বিশেষ করে স্থানীয় বাসিন্দা বলে তারা এলাকায় ব্যাপক প্রভাব খাঁটাতেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতার বাবা ও দুই ছেলের বিরুদ্ধে ডেমরার উর্মি গার্মেন্ট ও আশপাশের এলাকায় ভূয়া দলিল করে মিথ্যা দেওয়ানি ও ফৌজদারি মামলা সাজিয়ে জমি দখল এবং সমঝোতার মোটা অংকের টাকা হাতানোর অভিযোগ রয়েছে। আর এ সংক্রান্ত বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।









