উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা
- আপলোড সময় : ০২:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়া তাদের নতুন ৫ হাজার টন ধারণক্ষমতার যুদ্ধজাহাজ কাং কন থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষাগুলো শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত হয় এবং দেশটির নেতা কিম জং উন সরাসরি তদারকি করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কাং কন ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-কামান, স্বয়ংক্রিয় কামান এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার পরীক্ষা করা হয়। কিম জং উন যুদ্ধজাহাজটিকে আগামী দুই মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
গত বছরের জুনে যুদ্ধজাহাজটি পানিতে নামানো হয়, তবে এর উদ্বোধনের চেষ্টা চলাকালে এটি দুর্ঘটনার শিকার হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, তারা শুক্রবার কাং কন ডেস্ট্রয়ার থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে।
কেসিএনএ উল্লেখ করে, এই অস্ত্র পরীক্ষার উদ্দেশ্য ছিল ডেস্ট্রয়ারটিতে সংযুক্ত বিভিন্ন ধরনের অস্ত্রব্যবস্থার কার্যকারিতা যাচাই করা। কিম জং উন এসময় দেশের প্রতিরোধক্ষমতা ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।






















