মাদকবিরোধী তৎপরতায় বিএনপির খায়রুল কবিরের কঠোর বার্তা
- আপলোড সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে। তিনি এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ গঠনের জন্য মাদক নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মাদকের কারণে যুবসমাজ আজ বিপর্যয়ের সম্মুখীন। মাদক নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
























