৩৬ দিন সাগরে ভাসার পর শ্রীলঙ্কার বাবা-ছেলে উদ্ধার
- আপলোড সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালীর জেলেরা বঙ্গোপসাগরে ভাসমান একটি ড্যানিশ ফিশিং বোট থেকে শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া দুই ব্যক্তি বাবা-ছেলে, এবং তারা ৩৬ দিন ধরে সাগরে ভাসছিলেন বলে দাবি করেছেন।
শনিবার (২৫ জুলাই) তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন এস. এইচ. চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। বর্তমানে তারা স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, জিয়াউর রহমানের মাছ ধরার ট্রলার সাগর থেকে ফেরার পথে একটি ভাসমান ড্যানিশ ফিশিং বোট দেখতে পায়। বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং এর ভেতরে অসুস্থ অবস্থায় দুজন ব্যক্তি ছিলেন। তারা নিজেদের শ্রীলঙ্কার নাগরিক ও বাবা-ছেলে হিসেবে পরিচয় দেন।
ট্রলারের মালিক জিয়াউর রহমান জানান, খাবার ও পানি দেওয়ার পর তারা কথা বলতে সক্ষম হন। তাদের ভাষ্যমতে, ৩৬ দিন ধরে তারা সাগরে ভাসছিলেন এবং খাদ্য সংকটের কারণে একটি বড় মাছ ধরে কাঁচা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছেন।
মহেশখালী থানার ওসি মুজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজনের পরিচয় যাচাই করা হচ্ছে এবং শ্রীলঙ্কার কর্তৃপক্ষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

























