নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপলোড সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পৃথক দুই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর গ্রামে সাড়ে তিন বছর বয়সী শিশু নাফিস পুকুরের পানিতে পড়ে মারা যায়। সে ওই গ্রামের রিপন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে নাফিস পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁদাপাড়া গ্রামে ছয় বছর বয়সী রাহাত হাসান বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায়। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা জানান, দুপুরে রাহাত পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

























