ঘুরে আসা
- আপলোড সময় : ০৮:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২৪৮ বার পড়া হয়েছে
মন খারাপ, ক্লান্তি, একঘেয়েমি, এই তিনটা জিনিস আমাদের জীবনে প্রায়ই এসে ভর করে। তখন মনে হয় সবকিছু থেমে গেছে, জীবনটা যেন শুধু দায়িত্ব আর চাপের মধ্যে আটকে আছে। ঠিক এই সময়টাতেই সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটু “ঘুরে আসা” নিজের জন্য, নিজের মনটার জন্য। ঘুরাঘুরি মানেই যে অনেক দূরে যেতে হবে, পাহাড়-সমুদ্রেই যেতে হবে, এমন না। কখনো কাছের কোনো সবুজ মাঠ, নদীর পাড়, কিংবা পরিচিত শহরের কোনো শান্ত জায়গাও হতে পারে আমাদের মানসিক শান্তির ঠিকানা। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়। বাতাসের স্পর্শ, পাখির ডাক, কিংবা সূর্যাস্তের রঙ, অথবা ঝুম বৃষ্টির মধ্যে চোখ বন্ধ করে দু’হাত মেলে দিয়ে মেঘের কান্নার জলে বৃষ্টিতে ভেজা, এসব যেন আমাদের ভেতরের জমে থাকা কষ্টগুলো আস্তে আস্তে গলিয়ে দেয়। আমরা যখন একই রুটিনে আটকে থাকি, তখন আমাদের চিন্তা-ভাবনাও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। নতুন জায়গা দেখা, নতুন মানুষ দেখা, নতুন অভিজ্ঞতা নেওয়া, এসব আমাদের মস্তিষ্ককে একটা নতুন এনার্জি দেয়। মনে হয় আবার নতুন করে শুরু করা যায়। ছোট একটা ট্রিপও আমাদের ভেতরে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। ঘুরতে গেলে আমরা নিজের সাথে সময় কাটানোর সুযোগ পাই। তখন আমরা বুঝতে পারি, আসলে আমরা কী চাই, কী আমাদের ভালো লাগে, আর কোন জিনিসগুলো আমাদের কষ্ট দেয়। এই আত্ম-উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। আর একটা বিষয় ঘুরাঘুরি আমাদের সম্পর্কগুলোও সুন্দর করে। বন্ধু, পরিবার মিলে একসাথে কোথাও গেলে, সেই সময়গুলো হয়ে যায় জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। একসাথে হাসি, গল্প, ছোট ছোট মুহূর্ত, এসবই তো আসলে জীবনের আসল আনন্দ। সবচেয়ে বড় কথা, ঘুরাঘুরি আমাদের মনে করিয়ে দেয়, জীবনটা শুধু কাজ আর দুশ্চিন্তার জন্য না। জীবনটা উপভোগ করার জন্য, নিজের মতো করে বাঁচার জন্য। মাঝে মাঝে থেমে গিয়ে একটু দূরে চলে যাওয়া মানে পালিয়ে যাওয়া না, বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। তাই মন খারাপ হলে, নিজেকে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি না রেখে, একটু বের হয়ে পড়ুন। হয়তো খুব দূরে না, কিন্তু এমন কোথাও, যেখানে আপনি নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারেন। দেখবেন, ধীরে ধীরে মনটা ভালো হয়ে যাচ্ছে, আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে।
লেখক : জাহেদুল ইসলাম (ওয়াজিদ)


























