নারায়ণগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার
- আপলোড সময় : ০২:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিকুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বরুনদা গ্রামে। তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, মাদ্রাসার এক শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করেছেন। স্থানীয় লোকজন শিক্ষককে আটকে রেখে মারধর করছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আল আমিন।
পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রটি প্রায় এক বছর আগে হাফেজি পড়া শেষ করে কোরআন মুখস্থ করার জন্য মাদ্রাসাটিতে ভর্তি হয়। অভিযোগ রয়েছে, গত এক বছর ধরে শিক্ষক রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ ৩১ আগস্ট রাতে ওই ছাত্রকে বলাৎকার করা হলে সে অসুস্থ হয়ে পড়ে।
ছাত্রের মা খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান। পুলিশ জানায়, সেখানে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করা হলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয়দের দাবি।
ফতুল্লা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।






















