জুলাই আন্দোলনে চুপ থাকার কারণ জানালেন ডা. আবদুল্লাহ
- আপলোড সময় : ০৬:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ দাবি করেছেন, জুলাই-গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো সামর্থ্য তার ছিল না। তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
ডা. আবদুল্লাহ জানান, জুলাইয়ে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল। তিনি বলেন, "তিনি মোটামুটি ভালো ও স্বাভাবিক ছিলেন।" চিকিৎসকের নীতি অনুযায়ী রোগীর ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করা ঠিক নয়, তবে তিনি মানসিকভাবে দৃঢ় ছিলেন।
বিশ্ব বিবেক যখন ছাত্র-জনতার রক্তে কাঁদছিল, তখন কেন তিনি চুপ ছিলেন, এমন প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ বলেন, "তখন চুপ থাকা ছাড়া আমার কিছু করার সামর্থ্য ছিল না। আমি তো কোনো রাজনৈতিক নেতা নই।" তিনি আরও জানান, শেখ হাসিনা রাজনৈতিক আলোচনা করতেন, কিন্তু তিনি সেখানে যোগদান করেননি।
সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তার ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল ও বেতন-ভাতা ফেরতের নির্দেশনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, "আমি মনে করি কাজটি অন্যায় হয়েছে, আমার প্রতি চরম অবিচার করা হয়েছে।" ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে তার পদ বাতিলের তথ্য জানানো হয়।





















