ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার: মামুনুল হক
- আপলোড সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক বলেছেন, নোট অব ডিসেন্টের ভিত্তিতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদকে যদি বিএনপি বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে ব্যর্থ করার চেষ্টা করে, তবে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
শনিবার (২৭ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রামিসা থেকে শুরু করে লক্ষ্মীপুরে এক পরিবারের চারজনকে খুন, বিএনপি সরকার সবদিকেই ব্যর্থ হয়েছে এবং ফ্যাসিবাদের দিকে পা বাড়িয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণার মাধ্যমে সরকার পরিচালনা করছে। প্রধানমন্ত্রী দুটি দেশ সফর করেও দৃশ্যমান কোনও অর্জন না থাকায় বিএনপির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিভাগীয় সমাবেশে শরিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং বক্তারা গণতন্ত্রের রায় বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


























