গণভোটের রায় মানতে বিএনপির অস্বীকৃতি নিয়ে গোলাম পরওয়ারের মন্তব্য
- আপলোড সময় : ০৮:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও ক্ষমতাসীন বিএনপি তা কার্যকর করতে টালবাহানা করছে। তিনি শনিবার ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক বিভাগীয় সমাবেশে এ কথা বলেন।
গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপি গণভোটের রায় মানতে চাইছে না কারণ ১১ দল ও ঐক্যমত কমিশন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিএনপি এতে ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে। তারা বিচার বিভাগ, দুদক ও পিএসসির মতো সাংবিধানিক পদে নিয়োগের একক ক্ষমতা রাখতে চায়, যাতে দলের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা যায়।
তিনি আরো বলেন, জুলাই সনদে প্রস্তাব ছিল যে, প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, কিন্তু বিএনপি এটি মানতে নারাজ। তাদের মতে, প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান না হন, তবে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের মতো দমন-পীড়ন চালানো সম্ভব হবে না।
গোলাম পরওয়ার জানান, উচ্চকক্ষের ১০০টি আসন ভোটের আনুপাতিক হারে বণ্টনের প্রস্তাব দিয়েছিল ১১ দল, যা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করত। কিন্তু বিএনপি আসনের ভিত্তিতে ভাগ চায়, যাতে তারা সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আন্তর্জাতিক চুক্তিসহ গুরুত্বপূর্ণ আইন সহজে পাস করতে পারে। তিনি অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতি অনুসরণ করছে।
























