জামায়াত আমিরের হুঁশিয়ারি: ‘দেশের বারোটা বাজবে, আমরা আঙুল চুষব না’
- আপলোড সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না।" বুধবার (৫ আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১-দলীয় জোটের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান জানান, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আরেকটি বিপ্লব আসন্ন। তিনি দেশবাসীকে এই বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান।
তিনি বলেন, "পাপের পরিণতি পেতে কিছুটা সময় লাগে। কিন্তু একসময় সেই পাপই পচে গিয়ে ঝরে পড়ে।" সরকারকে সতর্ক করে তিনি বলেন, যদি তারা এই পাপ বুঝতে না পারে, তাহলে তাদের পতন কেউ ঠেকাতে পারবে না।
শফিকুর রহমান আরও বলেন, "ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ আপনাদের ফ্যাসিবাদী বলবেই।" তিনি জনগণের সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সম্মান করলে তারা সরকারকে ফুল দিয়ে বরণ করবে।
তিনি জনগণের রায়কে অপমান না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জনগণের রায়কে অপমান করে কেউ টিকে থাকতে পারেনি।" শফিকুর রহমান বলেন, "আমরা ফ্যাসিবাদমুক্ত, মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ দেখতে চাই।" তিনি এই লক্ষ্য অর্জনের জন্য সংগ্রামের প্রতিশ্রুতি দেন।
























