জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর
- আপলোড সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনায় জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের একটি ডেটাবেইজ তৈরি ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, জাকাত বাংলাদেশের অর্থনীতির একটি ‘হিডেন ইকোনমি’, কিন্তু এর সঠিক হিসাব নেই।
প্রতিটি নির্বাচনি আসনে জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের নামের একটি ডেটাবেইজ থাকা উচিত, যাতে দেশে-বিদেশে থাকা দাতারা সহজে প্রকৃত ব্যক্তির কাছে জাকাত পৌঁছাতে পারেন। ভোলা-১ (সদর) আসনের এই এমপি মন্তব্য করেন, প্রতি আসনে ২০ হাজার জন করে ধরলে ৫০ থেকে ৬০ লাখ মানুষের তথ্যভান্ডার তৈরি সম্ভব।
পার্থ বলেন, প্রবাসীরা জাকাত দিতে আগ্রহী, কিন্তু উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছানোর সহজ ব্যবস্থা না থাকায় তারা পারেন না। তিনি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব দেন।
বাজেটের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক দিকের প্রশংসা করে পার্থ বলেন, এটি একটি স্বৈরাচার ও জনগণের সরকারের মধ্যে পার্থক্য। ইসলামী ব্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে, কারণ এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুর্বলতা উল্লেখ করে পার্থ বলেন, আগের সরকারগুলোর সময় দুর্নীতির কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকারের চার মাসের সময়ে বড় ধরনের ব্যাংক লুট বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক দুর্নীতির ঘটনা ঘটেনি।




















