এভারেস্টের হিমবাহ গলানোর পেছনে পর্বতারোহীদের মূত্রের ভূমিকা: গবেষণা
- আপলোড সময় : ০২:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২২০ বার পড়া হয়েছে
এভারেস্ট বেজ ক্যাম্পে পর্বতারোহীদের মূত্র এবং পোড়ানো জ্বালানির তাপের কারণে প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে বলে এক গবেষণায় জানা গেছে।
আন্তর্জাতিক গবেষকদের একটি দল নেপালের এভারেস্ট অঞ্চলের খুম্বু হিমবাহ নিয়ে এই গবেষণা পরিচালনা করেছে। গবেষণার ফলাফল ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’ জার্নালে প্রকাশিত হয়েছে। বসন্তের পর্বতারোহণ মৌসুমে বেজ ক্যাম্পে হাজার হাজার পর্বতারোহী, গাইড ও সহায়ক কর্মী অবস্থান করেন, যা এলাকাটিকে একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রে পরিণত করে।
গবেষকরা ২০২৩ সালের বসন্ত মৌসুমের ৫০ দিনের তথ্য বিশ্লেষণ করেছেন। ওই সময়ে রান্না, উষ্ণতা ও বিদ্যুৎ সরবরাহের জন্য ৮২৪টি এলপিজি ক্যানিস্টার, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রোল ব্যবহার করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, জ্বালানি পোড়ানো এবং মানুষের মূত্র থেকে উৎপন্ন তাপ মিলিয়ে মোট প্রায় ৮ লাখ ৪৯ হাজার ১৭৪ মেগাজুল তাপশক্তি তৈরি হয়েছে, যা আনুমানিক ২ হাজার ৪৯২ টন বরফ ও তুষার গলানোর জন্য যথেষ্ট।
গবেষক দলের সদস্য কিম লাল গৌতম জানিয়েছেন, বেজ ক্যাম্পের মানবসৃষ্ট তাপের প্রকৃত প্রভাব তাদের হিসাবের চেয়েও বেশি হতে পারে। তবে তারা উল্লেখ করেছেন যে, এভারেস্টের হিমবাহ গলে যাওয়ার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন।














