পটুয়াখালীর বিএনপি শোডাউনে ছাত্রলীগের হামলা, আহত ১০
- আপলোড সময় : ০১:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহ সভাপতি রাসেল (৩০)। গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, মোটরসাইকেল শোডাউন চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, ‘আমরা ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে মিছিল বের করি। দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, ‘স্থানীয় হেলাল রাড়ী, রিয়াজ সালাম, রাব্বি ও রাসেলের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা আমাদের ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।’ তবে হামলার সঙ্গে জড়িতদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

























