শিরোনাম :
শাহবাগে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধার, চারজন গ্রেফতার
- আপলোড সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মোঃ রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।
শনিবার (২৭ জুন) রাত ৭:১০ ঘটিকায় শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে মোতালিব প্লাজার ৫ তলায় একটি দোকানে জাল টাকার ব্যবসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


























