কানাডার উপকূলে মাছ ধরার নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর আশঙ্কা
- আপলোড সময় : ০১:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
কানাডার উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রবিবার দুপুরে নৌকাটি যাত্রা শুরু করার পর দ্রুত ডুবে যায়। কর্তৃপক্ষ নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে। এ বিষয়ে খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নৌকাটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। নদীর মিঠাপানি ও সমুদ্রের লবণাক্ত পানির মিলনস্থলে প্রবল স্রোত এবং ঠান্ডা পানি উদ্ধার অভিযানকে কঠিন করে তুলছে।
একটি ইয়টে থাকা দম্পতি জরুরি সংকেত পাঠিয়ে উদ্ধারকারী দলকে খবর দেন এবং পানিতে ভাসতে থাকা কয়েকজনকে নিজেদের নৌকায় তুলে নেন। তাদের এই ভূমিকার জন্য পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো প্রশংসা করেছে।
দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৩৩ বছর বয়সী এক পুরুষ ও ২৮ বছর বয়সী এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৬ বছর বয়সী এক পুরুষ ও ৩৩ বছর বয়সী এক নারী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
পুলিশ ঘটনাটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছে, কারণ নৌকাটি এত দ্রুত ডুবে গেছে যে বিপদসংকেত পাঠানোর সুযোগ হয়নি। আরসিএমপির মেজর ক্রাইমস ইউনিট দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইফ জ্যাকেট পরা থাকলে ঠান্ডা পানিতে কয়েক ঘণ্টা বেঁচে থাকার সম্ভাবনা থাকে, কিন্তু দুর্ঘটনার সময় কোনো আরোহীর গায়ে লাইফ জ্যাকেট ছিল না।























