কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি কর্মী পলাতক
- আপলোড সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
কুমিল্লার সদর দক্ষিণে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কর্মী খোকন ওরফে ‘জুয়াড়ি লেংড়া খোকন’র বিরুদ্ধে। বৃহস্পতিবার (০২ জুলাই) বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারী লাইব্রেরির সামনে ঘুমিয়ে ছিলেন, তখনই অভিযুক্ত ব্যক্তি তার ওপর হামলা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কারণে এ অভিযোগ ওঠে, যা পরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।
বারপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নেতা নন এবং এ ধরনের ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তিনি জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন জানান, অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং তাকে আটক করা হলে পুলিশে সোপর্দ করা হবে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য একাধিক পুলিশ দল অভিযান চালাচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।























