ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগার নির্মাণের প্রস্তাব ইসরাইলের
- আপলোড সময় : ১২:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান কুমিরকে ‘ব্যবস্থাপিত বন্যপ্রাণী’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। এর ফলে ইসরাইল প্রিজন সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থা নির্দিষ্ট শর্তে কুমির সংরক্ষণের অনুমতি পাবে। এই পরিবর্তনের ফলে পরিকল্পনাটির বাস্তবায়নে আইনি বাধা কমেছে বলে জানা গেছে।
বেন-গভিরের পরিকল্পনা অনুযায়ী, কারাগারের চারপাশে কুমিরে ভরা জলপথ থাকবে, যা বন্দিদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এই ব্যবস্থা নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ব্যয়ও কমাতে সহায়ক হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি অল্পবয়সী কুমিরের দাম প্রায় ৮ হাজার মার্কিন ডলার, এবং পূর্ণবয়স্ক কুমিরের মূল্য ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিও অন্তর্ভুক্ত। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দিদের অনাহারে রাখা, নির্যাতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।

























