এমবাপ্পের বিশ্বকাপ গোলের রেকর্ড, মেসির প্রতি আস্থা প্রকাশ
- আপলোড সময় : ১১:০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপ কিলিয়ান এমবাপ্পের জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। তবে এমবাপ্পের বিশ্বাস, এই কীর্তি বেশিদিন তার দখলে থাকবে না, কারণ লিওনেল মেসি দ্রুতই তা ছুঁয়ে ফেলবেন।
শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে ফ্রান্স। এই পরাজয়ের ম্যাচেও এমবাপ্পে দুটি গোল করে তার মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে যান, যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে নিয়ে যায়। তিনি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ২১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যান।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমবাপ্পে রেকর্ড গড়ার চেয়ে ফাইনালে খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ‘লিও সব সময়ই গোল করে। আগামীকালও সে অবশ্যই গোল করবে।’
বিশ্বকাপে এত গোল করার কৃতিত্ব প্রসঙ্গে এমবাপ্পে জানান, তার মূল লক্ষ্য দলের সাফল্যে অবদান রাখা। তিনি বলেন, ‘আমি চেষ্টা করি প্রতিটি ম্যাচে আমার দলকে গোল করতে সাহায্য করতে। তবে সত্যি বলতে, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আমি আগামীকালের ফাইনালে খেলতে পারলে বেশি খুশি হতাম।’
এমবাপ্পে তার ঐতিহাসিক কীর্তির গুরুত্বও অস্বীকার করেননি। তিনি বলেন, ‘উত্তরাধিকারের দিক থেকে এটি অবশ্যই একটি দারুণ অর্জন। একদিন যখন আমরা খেলা ছেড়ে দেব, তখন ভালো লাগবে ভেবে যে আমি এমন একজন খেলোয়াড় ছিলাম। তবে এই মুহূর্তে এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’























