“নিঃশব্দ উড়াল”
- আপলোড সময় : ১০:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ডানা কাটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি প্রতিদিন,
তবুও বুকের ভেতর লুকিয়ে আছে উড়ে যাওয়ার রিনঝিন।
মুক্ত আকাশ ডাকে আমায়, দূরের নীলের আহ্বানে,
কিন্তু পা দু’টো বাঁধা পড়ে থাকে অদৃশ্য কোনো টানে।
চারপাশে মানুষ আছে, তবুও কেউ নেই পাশে,
হাসির আড়ালে লুকানো কান্না ভাসে নিঃশব্দ নিশ্বাসে।
বিভীষিকার ছায়াগুলো ঘিরে ধরে চারদিক,
নিজের সাথেই লড়াই করি! নিঃসঙ্গ প্রতিটা দিক।
রাত নামলেই ব্যালকনির কোণে বসে থাকি চুপচাপ,
চোখ দু’টো ভিজে ওঠে, তবুও নেই কোনো শব্দের চাপ।
দূরের আকাশটা যেন আমার মতোই একা!
অসীম, অথচ ভীষণ শূন্য… গভীর তার নীরব দেখা।
মনটা আজ বড্ড ক্লান্ত, ভারে নুয়ে পড়ে যায়,
যেদিকে তাকাই সেদিকে শুধু ভাঙা স্বপ্নের ছায়া পাই।
অবুঝ এই হৃদয়টা আর নিতে চায় না কষ্ট,
তবুও কেন জানি বারবার জাগে উড়ে যাওয়ার নেশা অদৃষ্ট।
ইচ্ছে করে হারিয়ে যাই ওই নীল আকাশের ভিড়ে,
পাখির মতো মুক্ত হয়ে উড়ি অজানা কোনো নীড়ে।
যেখানে নেই ব্যথা, নেই কোনো ভাঙনের গল্প,
শুধু আমি, আর আমার উড়ে চলা নীরব স্বপ্ন।
লেখক:
জাহেদুল ইসলাম (ওয়াজিদ)

























