বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী
- আপলোড সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২১০ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জামায়াতে ইসলামী সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগারে বন্দি বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারকে কাজ করতে হয়।
মন্ত্রী জানান, বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করতে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশন কারাগার পরিদর্শন করে। আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, যদি কোনো বন্দির আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকে, তবে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের ব্যবস্থা করা হয়। বন্দির পরিবারের সঙ্গে যোগাযোগ করে জরিমানা পরিশোধের ব্যবস্থা এবং দেশে ফেরার জন্য বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়।
ড. খলিলুর রহমান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের জন্য একটি পোর্টাল চালু করবে।
























