যুক্তরাষ্ট্রে গবেষণায় অনুদান পেলেন বাংলাদেশি রাকিবুল ইসলাম
- আপলোড সময় : ০৫:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা বিশ্লেষণ, প্রকৌশল ব্যবস্থাপনা ও আর্থিক ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে গবেষণা করছেন বাংলাদেশি গবেষক ও উদ্যোক্তা রাকিবুল ইসলাম। চলতি বছর যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান থেকে গবেষণার জন্য অনুদান অনুমোদনের চিঠি পেয়েছেন তিনি।
২৪ ফেব্রুয়ারি জেপিমর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানির চিঠিতে বৈশ্বিক আর্থিক ঝুঁকি নিয়ে তার গবেষণা প্রস্তাবের জন্য ২৪ হাজার মার্কিন ডলার অনুদান অনুমোদনের কথা জানানো হয়। এছাড়া ৩ এপ্রিল ডিপ নিউরন রিসার্চ অ্যান্ড কনসালটেন্সির চিঠিতে প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপনায় ঝুঁকি নির্ধারণে ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি যৌথ গবেষণা প্রকল্পের জন্য ৬ হাজার মার্কিন ডলার অনুদান অনুমোদন করা হয়।
রাকিবুল ইসলামের গবেষণায় পরিপাকতন্ত্রের পলিপ শনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস এবং কিডনির সিটি স্ক্যান বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি স্প্রিঙ্গার নেচার ও আইইইইর বিভিন্ন প্রকাশনার গবেষণা পর্যালোচক হিসেবেও কাজ করছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করার পর রাকিবুল ইসলাম যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি থেকে ব্যবসা বিশ্লেষণে এমবিএ করেন। পরে ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে গবেষণাভিত্তিক পিএইচডি কার্যক্রমে যুক্ত হন।
বর্তমানে তিনি নেক্সটজেন ইনফোটেক এলএলসির প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন এবং ছয় বাংলাদেশি উদ্যোক্তার সঙ্গে বাল্কবাডি এলএলসির সহপ্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে নেওয়ার উদ্যোগে যুক্ত রয়েছেন।























