সংসদ সদস্য হওয়ার পর শরীর ও মনে রোগের ভোগান্তি: ডা. মাহমুদা মিতু
- আপলোড সময় : ১০:৪৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. মাহমুদা আলম মিতু সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। এমপি হওয়ার পর তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। রোববার দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, সংসদ সদস্য হওয়ার পর তার মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে।
মিতু বলেন, "আমার একটা সুন্দর, হাসিখুশি জীবন ছিল। দেশের জন্য কাজ করতে করতে সেই জীবনটা অন্য এক জীবনে রূপ নিল। ২০২৪ এলো, সবকিছু যেন এলোমেলো হয়ে গেল।" তিনি উল্লেখ করেন, এমপি হওয়ার পর তার ক্যারিয়ার ও পরিচিতি ছিল, যা দিয়ে তিনি আরও বেশি অর্থ উপার্জন করতে পারতেন। "হয়তো আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন," বলেন তিনি।
তিনি আরও জানান, "আমি মাথা না নোয়ানো মেয়ে, আজকাল মাথা নোয়াতে হয়।" সংসদে আলোচনা চলাকালীন তার অনুভূতি প্রকাশ করে বলেন, "কান্না পায়, সেই ছেলেগুলোর লাশ চোখে ভাসে কিন্তু সেই কান্নাটুকু চেপে লুকিয়ে ফেলতে হয়।" মিতু মনে করেন, ক্ষমতা সবসময় শক্তিশালী করে না, বরং নিজের হাসি, স্বাধীনতা ও সত্তাকে হারাতে হয়।
মিতু বলেন, "রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা আজ অনেকেই অনুভব করছেন না। কিন্তু সময়ই একদিন এর মূল্য বুঝিয়ে দেবে।" তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে লেখেন, "তিনি সব দেখেন, সব জানেন এবং তার বিচারই সর্বোত্তম।"


























