কুড়িগ্রামে বন্যার শঙ্কা, নদীর পানি বৃদ্ধি অব্যাহত
- আপলোড সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় পাউবো সূত্রে জানা যায়, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানি ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে, যেখানে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার।
এদিন ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদেও পানি বৃদ্ধি পেয়েছে। নুনখাওয়া পয়েন্টে ২ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে।
ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে রয়েছে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে।
কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে ২৯ দশমিক ২৫ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে এবং অন্যান্য নদীগুলোর পানি বৃদ্ধির কারণে আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে।
























