বন্ধ থাকা ২৫ রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের ১৫টি চালুর উদ্যোগ: বস্ত্রমন্ত্রী
- আপলোড সময় : ১০:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে বর্তমানে ১ হাজার ৮০৫টি বস্ত্রকল ও ২৬৬টি পাটকল রয়েছে, জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সোমবার (২৯ জুন) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে ২৫টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকল রয়েছে।
মন্ত্রী জানান, বিটিএমএ সদস্য হিসেবে বেসরকারি খাতে প্রায় ১ হাজার ৭৮০টি সুতা, বয়ন ও ডাইং-ফিনিশিং মিল পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘এর মধ্যে ১৯৩টি পাটকল চালু এবং ৭৩টি পাটকল বন্ধ রয়েছে।’
বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে বিটিএমসির অধীনে ২৫টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের মধ্যে ১৫টি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, চারটি বস্ত্রকলের জন্য বেসরকারি অংশীদারদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং দুটি বস্ত্রকলে উৎপাদন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ২০২০ সালে সরকারি সিদ্ধান্তে বিজেএমসির অধীন ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এসব পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইজারা দেওয়া হয়েছে, যার মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে।
এছাড়া, এমএম জুট মিলস লিমিটেডে বিজেএমসির ব্যবস্থাপনায় একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেড ও করিম জুট মিলস লিমিটেডকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মাধ্যমে শিল্পাঞ্চল হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলছে।












