নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত
- আপলোড সময় : ০৯:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. মোস্তফা কাজী (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজী পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) ভদ্রবিলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে মারামারি হয়। এরপর বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে দুই গ্রুপের কিশোররা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা স্থানীয়দের দ্বারা থামানো হয়।
শুক্রবার বিকেলে মোস্তফা কাজী বাজারের দিকে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।























