সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্টের রায়
- আপলোড সময় : ০৩:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন। সারোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ ঘোষিত হওয়ার পর জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন।
শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন।
পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন, তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি। জামায়াত প্রার্থী নুরুল আমিনের করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ দ্রুত রুলের নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন।
























