বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন
- আপলোড সময় : ১২:৪৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৪০৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
ক্ষমতার পালাবদলের সাথে সাথে ভোল পাল্টে নিজেকে এখন বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন চাঁদপুরের মতলব থানার বাসিন্দা লিটন গাজী। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন তিনি। অভিযোগ রয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দায়ের করা অন্তত চারটি মামলার সাক্ষী ছিলেন এই লিটন গাজী, যেখানে বাদী ছিলেন তারই সহযোগী ও কথিত গডফাদার কিশোরগঞ্জের আকরাম হোসেন বাদল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের অতীত কর্মকাণ্ড আড়াল করতে এই চক্রটি নতুন পরিচয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
অনুসন্ধান ও মামলার নথিপত্র পর্যালোচনায় জানা যায়, এই চক্রের মূল হোতা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভুনা গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে আকরাম হোসেন বাদল। তার বিরুদ্ধে সারা দেশে গাড়ি চুরি সিন্ডিকেট পরিচালনা, খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা একটি গাড়ি চুরি মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি তিনি। এই মামলায় তিনি একাধিকবার কারাভোগও করেছেন।
অভিযোগ রয়েছে, ২০১৬ সাল থেকে ‘জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ’ নামে একটি ভুঁইফোঁড় সংগঠন খুলে সারা দেশে কমিটি দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আকরাম। নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং তৎকালীন রাষ্ট্রপতি ও পুলিশ প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামেও বিপুল অর্থ আত্মসাৎ করেন তিনি।
একাধিক বিয়ে ও সন্তান থাকা সত্ত্বেও ২০১৭ সালে কিশোরগঞ্জে এক ব্যক্তিকে হত্যার পর তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও পরবর্তীতে স্থানীয়দের চাপে বিয়ে করতে বাধ্য হন আকরাম হোসেন বাদল—এমন অভিযোগ রয়েছে মামলার নথিতে। পরবর্তীতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ওই নারী কিশোরগঞ্জ জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং- ৬৬৮/১/১৭) দায়ের করেন।
এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০২১ সালে নিজ এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন আকরাম। কটিয়াদী থানায় দায়ের করা মামলায় (এফআইআর নং- ৯/১১৮, তারিখ: ১২/০৫/২০২০; ধারা: ১৪৩, ১৪৭, ৩২৩, ৩৭৯, ৪২৭, ৫০৬ পেনাল কোড) র্যাব তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে বেরিয়ে বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এই চক্রের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ‘দৈনিক আজকের আলোকিত সকাল’-এর বিশেষ প্রতিনিধি এবং ‘ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আতিকুর রহমান ও তার পরিবার চরম হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আতিকুর রহমানের দাবি, চক্রটি প্রভাব খাটিয়ে দেশের ১৩টি জেলায় তার বিরুদ্ধে ১৩টি মিথ্যা মামলা দায়ের করেছিল, যা পরবর্তীতে আদালতে মিথ্যা প্রমাণিত হয়।
আকরাম হোসেন বাদল, লিটন গাজী, নজরুল ইসলাম, শেখ তিতুমীর আকাশ ও খলিলুর রহমান চক্রের বিচারের দাবিতে ২০২০ সালের ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছিলেন ভুক্তভোগী পরিবারগুলো। এছাড়া মো. আতিকুর রহমান নিজে বাদী হয়ে এই চক্রের বিরুদ্ধে আদালত ও থানায় একাধিক মামলা এবং সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:১) ঢাকা জজ কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে। মামলা নং ৫৬/২০২০, তারিখ:১০/২/২০২০, ইংরেজি,
২) ঢাকা জজ কোর্টে চাঁদাবাজির মামলা। মামলা নং ২১১/২০২০, তারিখ : ১১/৩/২০২০ ইংরেজি,
৩) ঢাকা জজ কোর্টে ১০৭ ও ১০৭ ধারায় মামলা। মামলা নং ১৪/২০২১, তারিখ : ১৮/২/২০২১ ইংরেজি ।
৪) ঢাকা মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী । যাহার নং ৪৮২, তারিখ : ৬/৭/২০১৯ ইংরেজি।
৫) ঢাকা মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি । যাহার নং ৮৩০, তারিখ : ১৩/৭/২০২০ ইংরেজি।
৬) ঢাকা শাহবাগ থানায় সাধারণ ডায়েরী । যাহার নং ১৫৩৩, তারিখ : ২৪/২/২০২১ ইংরেজি।
৭) ঢাকা রূপনগর থানায় সাধারণ ডায়েরী। যাহার নং ১১১৬, তারিখ : ২৭/২/২০২১ ইংরেজি ।
৮) ঢাকা রূপনগর থানায় সাধারণ ডায়েরী। যাহার নং ৪০৪, তারিখ : ১০/৩/২০২১ ইংরেজি ।
ভুক্তভোগী আতিকুর রহমান জানান, চক্রটির বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে ২০১৯ সালের ১৮ জুলাই এবং পরবর্তীতে ২০২২ সালে ডাকযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও র্যাব মহাপরিচালকসহ ৫২টি সরকারি দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তৎকালীন প্রশাসনের অসহযোগিতার কারণে কোনো প্রতিকার পাননি।
বর্তমানে চক্রটির সদস্যরা নতুন রাজনৈতিক পরিচয়ে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করায় মো. আতিকুর রহমানের পরিবার এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে এই চিহ্নিত প্রতারক ও অপরাধী চক্রের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।













