মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপলোড সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামের নামে এবং মসজিদের নামে আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে ‘গর্হিত কাজ’ করেছে। তিনি জানান, প্রকল্পের ব্যয় বাড়ানোর বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হবে।
সোমবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইনের পক্ষে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের বৈঠকটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জয়নুল আবদীন ফারুক বলেন, ‘এত টাকার অপচয় হয়েছে। নতুন মসজিদের দরকার নেই। যারা অতীতে ১৩ কোটি টাকা থেকে ২১ কোটি টাকা করেছে, সব মসজিদগুলো ভেঙে পড়েছে।’ তিনি সেনবাগের মডেল মসজিদে প্রবেশের অসুবিধার কথাও উল্লেখ করেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘সেনবাগের যে অবস্থা, আমার দূর্গাপুরের অবস্থা আরও ভয়াবহ।’ তিনি স্থানীয়দের দেওয়া ‘দুর্গাপুরের তাজমহল’ নামের কথাও উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মডেল মসজিদ অত্যন্ত ভালো উদ্যোগ। তবে প্রকল্প ব্যয়ের প্রাক্কলন যথাযথ হয়েছে কি না, সেটা যুক্তিসংগত প্রশ্ন।’ তিনি মডেল মসজিদের প্রকল্প ব্যয় এবং তদন্তের বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথাও জানান।
























