ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
- আপলোড সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর শিক্ষা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রাখলে দেশটির জন্য ‘অবিস্মরণীয় শিক্ষা’ অপেক্ষা করছে। খামেনি অভিযোগ করেছেন, দুই দেশের মধ্যে গত মাসে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন।
বিবৃতিতে খামেনি বলেন, ‘চুক্তির ক্ষেত্রে মহাশয়তান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। দাদাগিরি, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকার নীতি ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরও বলেন, ‘এখন আমেরিকা যখন যুদ্ধ আরও উসকে দিতে চায় এবং আরও বড় মূল্য ও অপমান ডেকে আনতে চায়, তখন তাদের জেনে রাখা উচিত— প্রিয় ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত করে রেখেছে।’
সম্প্রতি ইরানে হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেতু, রেলপথ এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এর জবাবে কুয়েতের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর দাবি করেছে তেহরান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধকে দেশটির শীর্ষ নেতৃত্ব অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। এদিকে, ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নতি স্বীকারের কোনও লক্ষণ দেখাচ্ছে না তেহরান।
























